চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মারুফ রহমান বলেছেন, সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকভাবে কাজ করতে চান। দায়িত্ব পালনে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেছেন তিনি।
রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টায় চুয়াডাঙ্গায় কর্মরত স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবাগত ওসি।
মতবিনিময় সভায় ওসি মারুফ রহমান বলেন, থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা বিড়ম্বনার শিকার না হন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। এ কাজে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ প্রত্যাশা করেন তিনি।
সভায় সাংবাদিকরা চুয়াডাঙ্গা সদর উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, থানায় সেবা নিতে আসা মানুষের হয়রানি কমানো, জনসেবার মানোন্নয়ন এবং পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে কার্যকর সমন্বয় নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেন।
সাংবাদিকরা বলেন, জনগণের কাছে পুলিশের সেবা আরও সহজলভ্য ও দ্রুত করতে পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতির পাশাপাশি পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থাও বাড়বে। একই সঙ্গে অপরাধ ও জনদুর্ভোগের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরতে পুলিশ-সাংবাদিকদের পারস্পরিক যোগাযোগ গুরুত্বপূর্ণ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি রাজিব হাসান কচি, চুয়াডাঙ্গা জেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানিক আকবর, দৈনিক আজকের চুয়াডাঙ্গার সম্পাদক বিপুল আশরাফসহ স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
মতবিনিময় সভার মাধ্যমে নবাগত ওসি সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সদর থানার কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।