চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর হায়দার আলী (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার কান্তপুর ব্রিজের অদূরে মাথাভাঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত হায়দার আলী আলমডাঙ্গা উপজেলার রংপুর গ্রামের মৃত খোদা বক্সের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার বিকেলে কান্তপুর ব্রিজের কাছে মাথাভাঙ্গা নদীর পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন কয়েকজন। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে আলমডাঙ্গা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরে পরিবারের সদস্যরা মরদেহটি হায়দার আলীর বলে শনাক্ত করেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হায়দার আলী মানসিকভাবে অসুস্থ ছিলেন। গত শনিবার তিনি বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। এরপর স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব উদ্দীন বলেন, নদী থেকে হায়দার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


