লোগো
Advertisement

ইরানি এয়ারলাইনসকে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার হুমকি যুক্তরাষ্ট্রের

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পিএম
Advertisement

ইরানের এয়ারলাইনসগুলোর আন্তর্জাতিক কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী বুধবার থেকেই ইরানি বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যেতে পারে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট।

সোমবার (২১ সেপ্টেম্বর) সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ হুঁশিয়ারি দেন।

স্কট বেসেন্ট বলেন, শুধু ইরানি বিমান সংস্থাগুলো নয়, তাদের আন্তর্জাতিক কার্যক্রমে সহযোগিতা করা অন্যান্য প্রতিষ্ঠানও মার্কিন পদক্ষেপের আওতায় আসতে পারে। এর মধ্যে বিমানবন্দর, জ্বালানি সরবরাহকারী, টিকিট বিক্রেতা এবং সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কোনো ইরানি বিমান বিদেশের কোনো বিমানবন্দরে অবতরণের পর সেটিকে সেবা দেওয়া হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। এমনকি এসব প্রতিষ্ঠানকে ডলারভিত্তিক আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও জানান তিনি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের চলমান অর্থনৈতিক চাপের ধারাবাহিকতায় এই হুঁশিয়ারি এসেছে। দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা ও সংঘাতের পাশাপাশি তেহরানের ওপর অর্থনৈতিক চাপও অব্যাহত রেখেছে ওয়াশিংটন।

এর আগে চলতি মাসের শুরুতে ইরানের যেসব বিমান সংস্থা তখনও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় ছিল না, সেগুলোর বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন ট্রেজারি বিভাগ। ইরানের বিমান পরিবহন খাতে সহযোগিতার অভিযোগে দেশটির বাইরের কয়েকটি প্রতিষ্ঠানকেও নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়।

মার্কিন প্রশাসনের নতুন এই অবস্থানের ফলে আন্তর্জাতিক রুটে ইরানি বিমান সংস্থাগুলোর কার্যক্রম পরিচালনা এবং বিদেশের বিমানবন্দর ও অন্যান্য সেবা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের যোগাযোগ আরও কঠিন হয়ে পড়তে পারে।

তথ্যসূত্র: আল জাজিরা

আরও সংবাদ লোড হচ্ছে...