লোগো
Advertisement

১০৬টি ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও ৩ সহযোগী আটক

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
Advertisement

নাটোরের লালপুরে ১০৬টি ইয়াবা ট্যাবলেটসহ এক পুলিশ কনস্টেবল ও তার তিন সহযোগীকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রি ও পরিবহণে ব্যবহৃত দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

আটক পুলিশ সদস্যের নাম আল আমিন (২৩)। তিনি রাজশাহী রেঞ্জের রিজার্ভ ফোর্সে কর্মরত এবং লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের বাসিন্দা। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি রাজশাহী রেঞ্জের ডিআইজির নিরাপত্তা ইউনিটে কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছেন।

আটক অন্যদের মধ্যে রয়েছেন লালপুর উপজেলার মোহরকয়া গ্রামের ওহিদুল মোল্লা (৩২) এবং রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর গ্রামের মুক্তার আলী (৩৪)। পুলিশের দেওয়া তথ্যে আটক ব্যক্তিদের একজনের পরিচয় উল্লেখ করা হয়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত ভোররাতে লালপুর উপজেলার মোহরকয়া গ্রামে অভিযান চালায় থানা পুলিশ। এ সময় ওহিদুল মোল্লার টিনশেড বাড়ির একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পরে ওই কক্ষ থেকে ১০৬টি ইয়াবা ট্যাবলেট, দুটি মোটরসাইকেল এবং নগদ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, ইয়াবাগুলো বিক্রি ও পরিবহণের উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল।

একজন পুলিশ সদস্য মাদকসংক্রান্ত মামলায় আটক হওয়ায় ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনার সৃষ্টি করেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...