লোগো
Advertisement

নিজ অর্থায়নে ৪৭ নেতাকর্মীকে ওমরাহ পালনে পাঠালেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ এএম
Advertisement

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের ৪৭ নেতাকর্মীকে নিজ অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে পাঠিয়েছেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৭ সদস্যের দলটি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাদের দেশে ফেরার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী (পিএস) মির্জা মো. হায়দার আলী। তিনি জানান, বাবরের নিজস্ব অর্থায়নে মদন উপজেলার ১৭ জন, মোহনগঞ্জের ১৮ জন এবং খালিয়াজুরীর ১১ জন নেতাকর্মীর ওমরাহ পালনের ব্যবস্থা করা হয়েছে। তিনিও এই দলের সঙ্গে সৌদি আরব গেছেন। তবে বাবর নিজে কাফেলার সঙ্গে যাননি।

মির্জা হায়দার আলী বলেন, নির্বাচনী এলাকার নেতাকর্মীরা যাতে ধর্মীয় অনুশাসন মেনে চলেন, সেই ভাবনা থেকেই বাবর এই উদ্যোগ নিয়েছেন।

ওমরাহ যাত্রীদের মধ্যে তিন উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা রয়েছেন। মদন থেকে উপজেলা বিএনপির সভাপতি নূরে আলম তালুকদার ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল এবং ছাত্রদলের সভাপতি শামীম হাসানসহ ১৭ জন রয়েছেন।

মোহনগঞ্জ থেকে উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ ১৮ জন এই সফরে গেছেন। খালিয়াজুরী থেকে উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট, সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন জিয়াসহ ১১ জন রয়েছেন। এ ছাড়া জমিয়তে উলামায়ে ইসলামের মদন উপজেলা সভাপতি মুফতি আনোয়ার হোসেনও দলটির সঙ্গে রয়েছেন।

বাবরের এই উদ্যোগের বিষয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন ও মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশে লুৎফুজ্জামান বাবর বলেন, ওমরাহ পালনের সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করতে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং নিজেদের বাবা-মা, ভাই-বোন ও স্বজনদের জন্য দোয়া করার কথাও বলেন তিনি।

বাবর এর আগে জানিয়েছেন, ধর্মীয় অনুশাসনে নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে আরও নেতাকর্মীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...