লোগো
Advertisement

বিশ্ববিদ্যালয়ের নথিতে ভুল তারিখ, পূবালী ব্যাংকের ভাইভা থেকে বাদ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পিএম
Advertisement

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে দেওয়া স্নাতকোত্তরের ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখে ভুল থাকায় পূবালী ব্যাংকের নিয়োগের ভাইভা থেকে বাদ পড়ার অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। তাঁর দাবি, বিশ্ববিদ্যালয়ের নথিতে থাকা ভুল তথ্যের কারণে ভাইভা বোর্ডে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় তাকে।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মো. রেদোয়ান উকিল। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পূবালী ব্যাংকের ভাইভা বোর্ডে অংশ নিতে যান রেদোয়ান। সেখানে তাঁর স্নাতকোত্তরের ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য নথির অসঙ্গতি নিয়ে প্রশ্ন তোলা হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে ভাইভা থেকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

নথিতে ফল প্রকাশের তারিখ নিয়ে অসঙ্গতি

শিক্ষার্থীর ট্রান্সক্রিপ্ট, সার্টিফিকেট এবং ফল প্রকাশের নোটিশের কপি পর্যালোচনা করে দেখা যায়, স্নাতকোত্তরের ফলাফল প্রকাশের তারিখ ৮ এপ্রিল ২০২৬। তবে ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখ হিসেবে ২ আগস্ট ২০২৬ উল্লেখ রয়েছে। অন্যদিকে সার্টিফিকেটে ইস্যুর তারিখ দেওয়া হয়েছে ৩০ জুলাই ২০২৬।

রেদোয়ান জানান, পূবালী ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ সময় ছিল ২০২৬ সালের মে মাসে। ওই নিয়োগে আবেদন করার ক্ষেত্রে স্নাতকোত্তরের ফল প্রকাশিত থাকা প্রয়োজন ছিল। কিন্তু ট্রান্সক্রিপ্টে ফল প্রকাশের তারিখ আগস্টে উল্লেখ থাকায় ভাইভা বোর্ডে প্রশ্ন ওঠে—আগস্টে ফল প্রকাশ হলে মে মাসে তিনি কীভাবে চাকরির জন্য আবেদন করলেন।

এ বিষয়ে ভাইভা বোর্ডে তিনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেওয়া হয় বলে জানান রেদোয়ান।

‘প্রশাসনিক ভুলের দায় কেন শিক্ষার্থী নেবে’

রেদোয়ান উকিল বলেন, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয় থেকে দেওয়া নথির ওপর নির্ভর করেই একজন শিক্ষার্থী চাকরির আবেদন করেন। সেখানে কোনো ভুল থাকলে তার দায় শিক্ষার্থীর ওপর বর্তানো উচিত নয়।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ইস্যু করা সার্টিফিকেট ও মার্কশিটে ভুল তারিখ থাকায় পূবালী ব্যাংকের ভাইভা বোর্ডে তাকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে। শিক্ষাগত নথি নিয়ে প্রশ্ন ওঠার পর তিনি যথাযথ ব্যাখ্যা দিতে না পারায় ভাইভা থেকে বাদ পড়েছেন।

রেদোয়ানের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের নথিতে থাকা ভুলের কারণে তাকে যদি নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ পড়তে হয়, তাহলে এর দায় কে নেবে?

অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বিশ্ববিদ্যালয়ের

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. সাদেকুর রহমান বলেন, এ ধরনের বিষয়ে এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী লিখিত বা আনুষ্ঠানিক অভিযোগ করেননি। অভিযোগ পাওয়া গেলে বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের নথিতে থাকা তারিখের এই অসঙ্গতির কারণে শিক্ষার্থী চাকরির নিয়োগ প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন কি না, অভিযোগ পাওয়ার পর তা যাচাই করে দেখার সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আরও সংবাদ লোড হচ্ছে...