চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মাদক ও চোরবিরোধী পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ৩৫ গ্রাম গাঁজা, দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রির ৬৩ হাজার টাকা, চারটি মোবাইল ফোন এবং চোরাই ১০টি কবুতর উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই কাজী শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এরশাদপুর মাগুরাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় রহমান মন্ডলের ছেলে লিটন মন্ডল (৪০)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চোরাই ১০টি কবুতর উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
একই রাতে উপজেলার ছোটপুটিমারী এলাকায় পৃথক অভিযান চালিয়ে রিয়াজ আলীর ছেলে খোকন আলী (২৮) ও আহাদ আলীর ছেলে সাহেব আলী (২৯)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুই পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে ঘোলদাড়ী পুলিশ ক্যাম্পের এসআই গোলাম হোসেনের নেতৃত্বে পোলাবাগন্দ গ্রামে অভিযান চালিয়ে ছারুয়াল আলী (৪৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত মনছের আলীর ছেলে। পুলিশ তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে।
এদিকে আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ পৌর পশুরহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে নিশিতা ইয়াসমিন ঐশি (১৯) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বেলগাছী গ্রামের মীর সাইদুর ইসলাম খোকনের মেয়ে।
আলমডাঙ্গা থানার এসআই মো. নাসির উদ্দিন মোল্লার নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে ঐশির কাছ থেকে ১৮ পিস ইয়াবা, ২৫ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৬৩ হাজার টাকা এবং চারটি পুরোনো মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের ভাষ্য, নিশিতা ইয়াসমিন ঐশি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, ট্যাপেন্টাডল ও গাঁজা বিক্রির সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার লিটন মন্ডল, খোকন আলী, সাহেব আলী ও ছারুয়াল আলীকে তাৎক্ষণিক বিচারের জন্য সামারী ট্রায়াল কোর্টে পাঠানো হয়েছে। আর নিশিতা ইয়াসমিন ঐশির বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর মামলাটি দায়েরের পর তাকে আদালতে সোপর্দ করা হয়।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের সার্বিক দিকনির্দেশনায় জেলার বিভিন্ন ইউনিটে মাদক, চোরাচালান ও অপরাধবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


