লোগো
Advertisement

সৌরবাতির আলোয় আলোকিত হরিণাকুণ্ডুর সড়ক, স্বস্তিতে রাতের পথচারীরা

হরিণাকুণ্ডু প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ পিএম
Advertisement

সন্ধ্যা ঘনিয়ে এলেই ঝিনাইদহের হরিণাকুণ্ডু পৌর এলাকার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়ে জ্বলে উঠছে সৌরবিদ্যুতের বাতি। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলেও সৌরবাতির আলোয় আলোকিত থাকছে শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ সড়ক। এতে রাতের চলাচলে স্বস্তি ফেরার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।

সম্প্রতি হরিণাকুণ্ডু পৌর এলাকার বিভিন্ন সড়ক ঘুরে সৌরবিদ্যুতের বাতি জ্বলতে দেখা গেছে।

পৌরসভার সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, হরিণাকুণ্ডু পৌর এলাকায় বর্তমানে ৪০টি সাধারণ সড়কবাতি ও ২৬টি সৌরবিদ্যুতের বাতি রয়েছে। এর মধ্যে দীর্ঘদিন ধরে ১৪টি সৌরবাতি অকেজো ছিল। ফলে রাত নামার পর এসব এলাকার সড়ক ও আশপাশের অংশ অন্ধকারে ডুবে থাকত। পরে অকেজো বাতিগুলো সংস্কার করে পুনরায় চালু করা হয়েছে।

পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রিয়নাথ স্কুল অ্যান্ড কলেজের সামনে, মান্দারতলা বটতলা, ঝিনাইগাতি ক্যানালের সেতুসংলগ্ন এলাকা, চিথলিয়াপাড়ায় বিপ্লবের বাড়ির সামনে, ওসমান মণ্ডলের বাড়ির সামনে, পার্বতীপুর ওয়াপদা মোড়, ফায়ার সার্ভিস অফিসের সামনে, চটকাবাড়িয়া বটতলা মোড়, মাছ বাজারে হাফিজুলের দোকানের সামনে, শুড়া হিন্দুপাড়া ক্যানালের পাশে, আমেরচারা মোড়, বৈঠাপাড়া স্কেল, মালিথাপাড়া কবরস্থান ও বৈঠাপাড়া কবরস্থান এলাকায় সৌরবাতি জ্বলছে।

পৌরবাসীর ভাষ্য, দীর্ঘদিন অচল থাকার পর বাতিগুলো সচল হওয়ায় সন্ধ্যার পর এসব সড়কে চলাচল আগের তুলনায় স্বস্তিদায়ক হয়েছে। বিশেষ করে বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও কবরস্থানসংলগ্ন সড়কগুলো আলোকিত থাকায় পথচারীদের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী আক্তারুজ্জামান বলেন, রাতের অন্ধকারে সড়কগুলোতে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ার আশঙ্কা থাকে। নাগরিকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রাজস্ব তহবিলের অর্থায়নে অকেজো সৌরবিদ্যুতের বাতিগুলো সংস্কার করে সচল করা হয়েছে।

হরিণাকুণ্ডু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম টোটন বলেন, নাগরিক সেবার বিষয়টি গুরুত্ব দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজ করছেন। তিনি বলেন, নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত পৌরসভা গড়ে তোলা, জলাবদ্ধতা নিরসনসহ নাগরিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করবেন। একই সঙ্গে পৌরসভার উন্নয়নেও সর্বদা সজাগ থাকবেন বলে জানান তিনি।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রদীপ্ত রায় দীপন বলেন, নাগরিক সেবার মানোন্নয়নের বিষয়টি উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় আলোচনা হয়েছে। রাতের বেলায় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে পৌর এলাকার সড়কের পাশে থাকা সৌরবিদ্যুতের বাতিগুলো পুনঃস্থাপন ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে পৌর এলাকার নাগরিক সেবার অন্যান্য সমস্যাগুলোও চিহ্নিত করা হবে। প্রয়োজন অনুযায়ী সেগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...