লোগো
Advertisement

কুষ্টিয়ায় উদ্ধার ৩৭ হারানো মোবাইল ফিরল প্রকৃত মালিকের হাতে

কুষ্টিয়া প্রতিনিধি ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ পিএম
Advertisement

হারিয়ে যাওয়া ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে প্রযুক্তির সহায়তায় সফলতা পেয়েছে কুষ্টিয়া জেলা পুলিশ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার করা ৩৭টি মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম নিজ হাতে উদ্ধার হওয়া ফোনগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করেন।

মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকদের অনেকেই স্বস্তি প্রকাশ করেন। তারা জেলা পুলিশের প্রযুক্তিনির্ভর এ উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মোবাইল ফোন ব্যবহার ও বহনের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। হারানো বা চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

তিনি বলেন, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। এ কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট ইউনিটকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার পর ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল প্রযুক্তিগত অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানের একপর্যায়ে বিভিন্ন স্থান থেকে ফোনগুলো উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও মালিকানা নিশ্চিত করে সেগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পুলিশের এই প্রযুক্তিনির্ভর কার্যক্রমে হারানো মোবাইল ফিরে পাওয়ার পাশাপাশি অপরাধীদের শনাক্ত করতেও সহায়তা মিলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কুষ্টিয়ার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ লোড হচ্ছে...