চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ, কর্মকর্তা ও পুলিশ সদস্যরা অংশ নেন।
প্যারেডে সালামি গ্রহণের পর অভিবাদন মঞ্চ থেকে প্যারেড পরিদর্শন করেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। প্যারেড অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) হিমন বিশ্বাস।
প্যারেড চলাকালে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও টার্নআউট পর্যালোচনা করা হয়। পরিদর্শন শেষে ভালো পারফরম্যান্স করা পুলিশ সদস্যদের স্বীকৃতি হিসেবে জিএস (গুড সার্ভিসেস) মার্ক দেওয়া হয়। পাশাপাশি কয়েকজন সদস্যকে অর্থ পুরস্কারও প্রদান করেন পুলিশ সুপার।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি জেলা পুলিশের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন।
বক্তব্যে পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এবং খুলনা রেঞ্জের ডিআইজির দেওয়া বিভিন্ন নির্দেশনা তুলে ধরেন। এসব নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সততার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখার আহ্বান জানান।
প্যারেডে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


