লোগো
Advertisement

গোকুলখালী ও ভালাইপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পিএম
Advertisement

চুয়াডাঙ্গার সদর ও আলমডাঙ্গা উপজেলার দুটি বাজারে অভিযান চালিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে সার বিক্রি, মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের অভিযোগে এসব জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত গোকুলখালী ও ভালাইপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধ, সার, কীটনাশক ও বিভিন্ন খাদ্যপণ্যের মূল্য, মান ও বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়।

অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় গোকুলখালী বাজারের মো. হামিদুল ইসলামের প্রতিষ্ঠান মেসার্স হামিদুল ট্রেডার্সকে অবৈধভাবে সার বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে মো. সাইফুল ইসলামের মেসার্স জিকু মেডিকেল হলকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া আলমডাঙ্গার ভালাইপুর বাজারে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি ও সংরক্ষণের দায়ে মো. কালাম উদ্দিনের মেসার্স ভাই ভাই হোটেলকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে তিন প্রতিষ্ঠান থেকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানকালে ব্যবসায়ীদের দোকানে মূল্যতালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ, মানহীন ও নিষিদ্ধ পণ্য, ওষুধ, বীজ ও শিশুখাদ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযানটি পরিচালনা করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রিয়াজ মাহমুদ, ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা আনসার ব্যাটালিয়নের একটি দল।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আরও সংবাদ লোড হচ্ছে...