লোগো
Advertisement

ভারতের সঙ্গে সম্পর্ক হবে সমমর্যাদার, স্বামী-স্ত্রীর মতো নয়: স্পিকার

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ এএম
Advertisement

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক পারস্পরিক মর্যাদা ও সমতার ভিত্তিতে হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। দুই দেশের মধ্যে সুসম্পর্কের প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনোভাবেই ‘স্বামী-স্ত্রীর’ মতো হওয়া উচিত নয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভোলা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার আগে সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার। ভোলার লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সরকারি সফর শেষে তিনি ঢাকায় ফিরছিলেন।

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক প্রসঙ্গে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রতিবেশী দেশটির সঙ্গে ভালো সম্পর্ক থাকা প্রয়োজন। তবে সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের সমমর্যাদা ও পারস্পরিক স্বার্থকে গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের একজন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-ভারত সম্পর্ককে ‘স্বামী-স্ত্রীর সম্পর্ক’ হিসেবে উল্লেখ করেছিলেন। বাংলাদেশের জন্য এ ধরনের সম্পর্ক প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।

দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের আপত্তি রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, ভারতের সঙ্গে কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ভারত আশ্রয় দিয়েছে এবং সেখান থেকে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার ভাষায়, এটি প্রতিবেশীসুলভ আচরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

ভারতের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্কের বিষয়ে এখনো দৃশ্যমান কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন স্পিকার। তার মতে, দুই দেশের যোগাযোগ বর্তমানে অনেকটাই কূটনৈতিক ও রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনার মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

ব্রিকস নিয়েও ভারত বাংলাদেশের সঙ্গে খোলামেলা আলোচনা করেনি বলে মন্তব্য করেন হাফিজ উদ্দিন আহমেদ।

এ সময় ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক গোলাম নবী আলমগীর, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ কাওছারসহ প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ লোড হচ্ছে...