সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়োগপত্র দেওয়ার দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন নিয়োগবঞ্চিত প্রার্থীরা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে নিয়োগবঞ্চিত প্রার্থীরা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর চূড়ান্ত তালিকায় নির্বাচিত হওয়ার পরও প্রায় আট মাস ধরে তারা নিয়োগপত্রের অপেক্ষায় রয়েছেন। এতে অনেকেই মানবেতর জীবনযাপন করছেন।
তাদের দাবি, গত ২৪ সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন জেলার নির্বাচিত প্রার্থীদের জেলাভিত্তিক তালিকা প্রকাশ শুরু হলেও প্রকাশিত তালিকায় তাদের নাম বা তথ্য পাওয়া যায়নি। এভাবে প্রায় দুই হাজার প্রার্থী নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
নিয়োগবঞ্চিতদের ভাষ্য, চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পরও নিয়োগপত্র না দেওয়া সংশ্লিষ্ট নিয়োগবিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন।
এ অবস্থায় তারা ২৭ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপত্র প্রকাশ এবং ১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট জেলায় যোগদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
দাবি আদায়ে আগামী ২৭ সেপ্টেম্বর শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন নিয়োগবঞ্চিত সহকারী শিক্ষকরা। সংবাদ সম্মেলন থেকে কর্মসূচিতে সংশ্লিষ্ট সবার অংশগ্রহণের আহ্বান জানানো হয়।


