লোগো
Advertisement

দীর্ঘ বিরতির পর একসঙ্গে তিন সিনেমা নিয়ে ফিরছেন ববি

নিজস্ব প্রতিবেদক ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পিএম
Advertisement

বড় পর্দায় অভিনয় দিয়েই ক্যারিয়ার গড়েছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। সিনেমা মুক্তির ব্যস্ততা কখনো কমলেও অভিনয় থেকে নিজেকে সরিয়ে রাখেননি তিনি। নতুন কাজের প্রস্তুতিতে সময় দিয়েছেন। এবার দীর্ঘ বিরতির পর একসঙ্গে তিনটি সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হওয়ার অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী।

এর মধ্যে মিনহাজ কিবরিয়া পরিচালিত ‘বেঈমান’ সিনেমার কাজ শেষ করেছেন ববি। যুক্তরাজ্যের লন্ডনে সিনেমাটির শুটিং হয়েছে। এতে ববির সঙ্গে অভিনয় করেছেন আমান রেজা ও আজাদ খান। গল্প এবং নিজের চরিত্র নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি।

সিনেমাটি নিয়ে ববি বলেন, গল্পের পাশাপাশি চরিত্রটিও তাকে আকৃষ্ট করেছে। লন্ডনে শুটিংয়ের সময় পুরো টিম আন্তরিকতার সঙ্গে কাজ করেছে। সিনেমাটি মুক্তির পর দর্শকদের ভালো লাগবে বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।

এদিকে ‘বেঈমান’-এর বাইরে আরও দুটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে ববির। সম্প্রতি ঢাকায় এ কে নিলয় পরিচালিত ‘বউ’ সিনেমার একটি গানের দৃশ্যে অংশ নিয়েছেন তিনি। দেলোয়ার হোসেন দিলের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ববির বিপরীতে দেখা যাবে ডি এ তায়েবকে।

অন্যদিকে অনিক বিশ্বাসের পরিচালনায় ‘ইব্রাহীম’ সিনেমাতেও অভিনয় করছেন ববি। এতে তার সহশিল্পী নিরব হোসেন।

তিনটি সিনেমাতেই আলাদা ধরনের চরিত্রে দেখা যাবে ববিকে। ফলে নতুন কাজগুলোকে নিজের অভিনয়জীবনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন তিনি।

ববির ভাষ্য, তিনটি সিনেমার গল্প ও চরিত্রে রয়েছে ভিন্নতা। দর্শকদের প্রত্যাশা মাথায় রেখে প্রতিটি চরিত্রে নিজেকে আলাদাভাবে উপস্থাপনের চেষ্টা করেছেন তিনি। সিনেমাগুলো দর্শকদের ভালো লাগবে—এমন প্রত্যাশাই তার।

এর আগে রাশিদ পলাশ পরিচালিত ‘ময়ূরাক্ষী’ মুক্তির প্রায় দুই বছর পর গত মে মাসে প্রেক্ষাগৃহে আসে ববির ‘তছনছ’। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেন নবাগত মুন্না খান। তবে মুক্তির পর সিনেমাটি প্রত্যাশিত ব্যবসায়িক সাড়া পায়নি।

তবে তাতে থেমে নেই ববির পথচলা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনার সঙ্গেও যুক্ত হয়েছেন তিনি। সামনে নতুন সিনেমা প্রযোজনার পরিকল্পনাও রয়েছে এই চিত্রনায়িকার।

আরও সংবাদ লোড হচ্ছে...