শিল্পী কল্যাণ ট্রাস্টের দায়িত্ব পেলেন শিবা শানু, আলোচনা করে ছাড়তে চান শিল্পী সমিতির পদ

গত ৩ জুলাই অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন শিবা শানু। ২০২৮ সাল পর্যন্ত শিল্পী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে তাঁর। কিন্তু প্রজ্ঞাপনের শর্ত অনুযায়ী বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিতে হলে তাঁকে ছাড়তে হবে শিল্পী সমিতির সভাপতির পদ।
এ বিষয়ে জানতে চাইলে আজকের পত্রিকাকে শিবা শানু বলেন, ‘প্রজ্ঞাপনে আমি শর্তের বিষয়টি দেখেছি। এখনো এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি। শর্তের বিষয়ে বিস্তারিত জেনে সবার সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নিতে চাই। সময় লাগলেও সঠিক সিদ্ধান্তটা নিতে চাই। তাই এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করতে চাই না।’
চলচ্চিত্রে প্রায় তিন দশকের ক্যারিয়ার শিবা শানুর। বড় পর্দায় অভিষেক ১৯৯৮ সালে, ‘মাতৃভূমি’ সিনেমা দিয়ে। পরবর্তী সময়ে বিভিন্ন চলচ্চিত্রে খলচরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি ছোট পর্দায়ও অভিনয় করতে দেখা যায় শিবা শানুকে।

