৬১ বছরে শাহরুখ, জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে ভক্তদের ঢল

বলিউডের ‘কিং’ শাহরুখ খানের জন্মদিন মানেই ভক্তদের কাছে বিশেষ এক উৎসব। প্রিয় তারকাকে একনজর দেখার আশায় প্রতিবছরের মতো এবারও মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবন ‘মান্নাত’-এর সামনে জড়ো হন হাজারো অনুরাগী। মধ্যরাত থেকেই শুরু হয় ভক্তদের অপেক্ষা। তবে এবার সরাসরি বাড়ির বারান্দায় এসে ভক্তদের শুভেচ্ছা জানাননি অভিনেতা। তাদের ভালোবাসার জবাবে দিয়েছেন বিশেষ বার্তা।
সোমবার (২ নভেম্বর) ৬১ বছরে পা দিয়েছেন বলিউড বাদশাহ। জন্মদিন উপলক্ষে ‘মান্নাত’ সাজানো হয় নানা রঙের আলোকসজ্জা, পোস্টার ও বিশাল পর্দায়। সেখানে ভক্তদের উদ্দেশে শাহরুখের একটি হাতে লেখা বার্তা প্রদর্শন করা হয়। এতে তিনি লেখেন, ‘আপনাদের শুভেচ্ছা ও ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভালোবাসাও আপনাদের কাছে ফিরিয়ে পাঠালাম। অনেক ভালোবাসা ও একগুচ্ছ আলিঙ্গন।’
শাহরুখের জন্মদিনের আয়োজন শুধু ‘মান্নাত’-এর সামনেই সীমাবদ্ধ ছিল না। বিশেষ দিনটি উপলক্ষে আলোকসজ্জায় সাজানো হয় মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সি লিংকও। সেখানেও প্রদর্শিত হয় অভিনেতার ছবি ও জন্মদিনের শুভেচ্ছাবার্তা। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্তে ভক্তরা কেক কেটে, ব্যানার-ফেস্টুন সাজিয়ে এবং নানা আয়োজনে উদযাপন করেন প্রিয় তারকার জন্মদিন।
‘মান্নাত’-এর সামনে ভক্তদের ভিড় সামাল দিতে বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থাও। সেখানে দায়িত্ব পালন করেন মুম্বাই পুলিশের সদস্যরা। যানবাহন নিয়ন্ত্রণের পাশাপাশি ভক্তদের ভিড় সামলাতেও সতর্ক অবস্থানে ছিলেন তারা।
এবারের জন্মদিনে শাহরুখকে ঘিরে বাড়তি উন্মাদনার অন্যতম কারণ তার আসন্ন সিনেমা ‘কিং’। জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’। এতে শাহরুখের সঙ্গে রোমান্টিক দৃশ্যে দেখা গেছে দীপিকা পাড়ুকোনকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। পাশাপাশি রয়েছে এড শিরানের র্যাপ অংশ।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় রোমান্সের পাশাপাশি থাকছে অ্যাকশনও। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ফলে জন্মদিনের আয়োজনের সঙ্গে নতুন সিনেমার প্রচারণাও বাড়তি মাত্রা যোগ করেছে।
‘মান্নাত’-এর সামনে প্রদর্শিত পোস্টার ও ব্যানারেও ছিল শাহরুখের নতুন সিনেমা ঘিরে ভক্তদের উচ্ছ্বাস। কোথাও লেখা, ‘শুভ জন্মদিন কিং’, কোথাও আবার ‘পৃথিবী কেবল একটিই নাম দিয়েছে, কিং’। আরেকটি পোস্টারে ছিল ‘কিং একাই যথেষ্ট’ বার্তা। সিনেমার সংলাপ ও প্রচারণার সঙ্গে মিল রেখে তৈরি এসব আয়োজন প্রিয় তারকার প্রতি ভক্তদের ভালোবাসারই প্রকাশ।
তিন দশকের বেশি সময়ের অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন শাহরুখ খান। রোমান্টিক চরিত্র থেকে শুরু করে অ্যাকশনধর্মী সিনেমা- বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে তৈরি করেছেন স্বতন্ত্র পরিচয়। ৬১ বছরে পা দিয়েও তার প্রতি ভক্তদের আগ্রহ যে কমেনি, ‘মান্নাত’-এর সামনে হাজারো মানুষের উপস্থিতি তারই প্রমাণ। আর সেই ভালোবাসার জবাবে তার হাতে লেখা ছোট্ট বার্তাটিও হয়ে উঠেছে এবারের জন্মদিনের বিশেষ আকর্ষণ।
সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস।

