লোগো
Advertisement

বাংলাদেশে অফিস খোলার আমন্ত্রণ মেটাকে

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম
Advertisement

বাংলাদেশে কার্যালয় খোলার জন্য যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস ইনকরপোরেটেডকে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠকে এ আমন্ত্রণ জানানো হয়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহমুদুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের বিভিন্ন কর্মসূচির ফাঁকে মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের বৈঠক হয়।

প্রধানমন্ত্রী মনোনীত ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সময় স্বল্পতার কারণে প্রধানমন্ত্রী বৈঠকে উপস্থিত হতে পারেননি।

বৈঠকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ইরিন খান এবং উপস্থায়ী প্রতিনিধি এ কে এম ওয়াহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশে মেটার বিপুল ব্যবহারকারী

বৈঠকে বাংলাদেশে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মের বিপুলসংখ্যক ব্যবহারকারীর বিষয়টি তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশের সঙ্গে মেটার বিদ্যমান সম্পর্ক এবং দেশের ডিজিটাল প্ল্যাটফর্মকে ঘিরে বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স খাতকে আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

বিশেষ করে মেটার বিভিন্ন প্ল্যাটফর্ম ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের ব্যবসায়ী, উদ্যোক্তা এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগগুলোকে (এসএমই) সহায়তা করতে পারে, সে বিষয়গুলো বৈঠকে গুরুত্ব পায়।

ডিজিটাল বাণিজ্যের সম্প্রসারণেও মেটার প্রযুক্তি ও প্ল্যাটফর্ম কীভাবে ভূমিকা রাখতে পারে, তা নিয়েও আলোচনা হয়।

বাংলাদেশে অফিস খোলার আহ্বান

বাংলাদেশে মেটার একটি কার্যালয় স্থাপনের জন্য প্রতিষ্ঠানটির চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসারকে আমন্ত্রণ জানান শামা ওবায়েদ ইসলাম।

একই সঙ্গে অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৈঠকে বাংলাদেশের প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা হয়। এ বিষয়ে উভয় পক্ষের মধ্যে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী মতবিনিময় হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি, অনলাইন ব্যবসা ও প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা খাতের বিকাশে মেটার সঙ্গে ভবিষ্যতে আরও সহযোগিতার সুযোগ নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...