লোগো
Advertisement

জীবননগরে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ পিএম
Advertisement

চুয়াডাঙ্গার জীবননগর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জীবননগর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি, অনুমোদন ও লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার প্রচার এবং মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে খাদ্যপণ্য তৈরির অভিযোগে এসব জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল সহযোগিতা করে।

অভিযান চলাকালে জীবননগর বাজারের গ্যাসের দোকান, ফার্মেসি, খাদ্যপণ্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এ সময় মেসার্স মালেক গ্যাস হাউজে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মালেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া মিথ্যা তথ্য ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে মেসার্স খন্দকার ফার্মেসির মালিক মো. তারিক জাফরকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, মেয়াদোত্তীর্ণ উপকরণ ব্যবহার করে কেক তৈরি ও বিক্রির অভিযোগে ‘দি কেক হাউজ’-এর মালিক মো. নেছার উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে তিনটি প্রতিষ্ঠানের কাছ থেকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের আওতায় তাৎক্ষণিকভাবে মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদেরও সতর্ক করে দেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। প্রতিটি প্রতিষ্ঠানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা রাখার পাশাপাশি নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ, নকল কিংবা নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, ভোক্তাদের অধিকার ও জনস্বার্থ সুরক্ষায় বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...