রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

কানাডার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের সময় ভয়াবহ আগুন, ৪ সেনা নিহত

নিজস্ব প্রতিবেদক১৯ অক্টোবর ২০২৬, ১২:৩৭ পিএম
কানাডার সামরিক ঘাঁটিতে প্রশিক্ষণের সময় ভয়াবহ আগুন, ৪ সেনা নিহত

কানাডার আলবার্টা প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে মহড়া চলাকালে হঠাৎ ছড়িয়ে পড়া আগুনে চার সেনাসদস্য প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় দগ্ধ ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন, যাদের মধ্যে অন্তত ১৯ জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। স্থানীয় সময় রোববার অটোয়ায় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি।

শান্তিকালীন সময়ে কানাডার ভূখণ্ডে নিজেদের সামরিক বাহিনীর জন্য এটিকে অন্যতম বড় ও মর্মান্তিক বিপর্যয় হিসেবে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে চার সেনার মৃত্যুর খবরটি নিশ্চিত করতে হচ্ছে। তাদের স্বজনদের বিষয়টি অবগত করা হয়েছে। আহতদের পাশে সরকার রয়েছে এবং তাদের সব ধরনের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে সামরিক কর্মকর্তারা জানান, আশঙ্কাজনক ১৯ জন ছাড়াও আহত আটজনের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এছাড়া প্রাথমিক চিকিৎসার পর ১২ জন এখন চলাফেরা করতে পারছেন।

মুহূর্তেই ঘিরে ফেলে আগুন

কানাডার জাতীয় প্রতিরক্ষা বিভাগের বরাতে জানা গেছে, শনিবার বিকেল চারটার দিকে কানাডিয়ান ফোর্সেস বেস ওয়েনরাইটের উন্মুক্ত প্রেইরি অঞ্চলে প্রশিক্ষণ চলাকালে আগুনের সূত্রপাত হয়। মেজর জেনারেল ওয়েড রাটল্যান্ড জানান, পরিস্থিতি এতটাই আকস্মিক ছিল যে সেনারা সতর্ক হওয়ার সুযোগ পাননি। শুরুতে কোথাও আগুনের আলামত না থাকলেও মাত্র ৩০ সেকেন্ড থেকে এক মিনিটের মাথায় আগুনের লেলিহান শিখা সেনাদের দিকে ধেয়ে আসে।

তিনি আরও জানান, মহড়া এলাকার ভেতর থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং সুরক্ষাবেষ্টনী পেরিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসনের তৎপরতায় তা নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের নেপথ্য কারণ নিশ্চিত হতে অন্তত এক মাস তদন্ত চালাতে হবে।

গুজব নাকচ ও উদ্ধার তৎপরতা

গোলাবারুদের আঘাতে কোনো পাইপলাইন বিস্ফোরিত হয়ে এ ঘটনা ঘটেছে কি না—সামাজিক যোগাযোগমাধ্যমের এমন জল্পনা উড়িয়ে দিয়েছেন ওয়েড রাটল্যান্ড। তিনি স্পষ্ট করেন, তেল বা গ্যাস অবকাঠামোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং বাইরের কোনো হস্তক্ষেপের প্রমাণও মেলেনি। ওয়েনরাইটের পৌর প্রশাসন জানিয়েছে, মূলত প্রবল বাতাসের কারণেই আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়েছিল।

প্রধানমন্ত্রী মার্ক কার্নি উদ্ধারকাজে অংশ নেওয়া সামরিক ও বেসামরিক কর্মীদের ভূমিকার প্রশংসা করে বলেন, চরম বৈরী পরিস্থিতির মধ্যে তারা রাতভর কাজ করেছেন এবং সহকর্মীদের বাঁচাতে নিজের জীবন বাজি রেখেছেন।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...