দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে রইলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, গুনতে হলো জরিমানাও

প্যারিস সফর শেষে দেশে ফিরে ভারতের দিল্লি বিমানবন্দরে চরম ভোগান্তির শিকার হয়েছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সেখানে তাকে প্রায় তিন ঘণ্টা বসিয়ে রাখা হয় এবং শেষমেশ ৫০ হাজার রুপি জরিমানাও আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
পাঞ্জাবের ক্ষমতাসীন দল আম আদমি পার্টির (আপ) মিডিয়া ইনচার্জ বালতেজ পান্নু সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, বিমান থেকে নামার পর ভগবন্ত মানকে দীর্ঘক্ষণ বিমানবন্দরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। লাগেজ পরীক্ষা-নিরীক্ষার অজুহাত তুলে তা মুখ্যমন্ত্রীর কাছে হস্তান্তর করা হচ্ছিল না। প্রায় তিন ঘণ্টা পর নিজের ব্যাগ হাতে পেয়ে তিনি যখন বিমানবন্দর থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই বাধে নতুন বিপত্তি।
বালতেজ পান্নুর অভিযোগ, ভগবন্ত মান বের হতে গেলে বিমানবন্দর কর্মীরা একপ্রকার ছুটে এসে তার পথ আটকে দেন। এরপর মুখ্যমন্ত্রীর হাতে ৫০ হাজার রুপির জরিমানার একটি চালান ধরিয়ে দেওয়া হয়। উপস্থিত কর্মীদের দাবি, ওপর মহলের বিশেষ চাপের মুখেই তারা এমন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। তবে ঠিক কী কারণে এই জরিমানা করা হলো, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি আপ।
কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে পান্নু প্রশ্ন তোলেন, ‘এর আগে দেশের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কি কোনো বিমানবন্দরে এভাবে হেনস্তার শিকার হয়েছেন? কোনো মুখ্যমন্ত্রীকে কখনো তিন ঘণ্টা আটকে রেখে ৫০ হাজার টাকার চালান ধরানোর নজির আছে?’ পুরো ঘটনাকে তিনি গোটা পাঞ্জাবের আত্মসম্মানে আঘাত হিসেবে উল্লেখ করেন।
এর আগে ভগবন্ত মানের বিদেশ সফরে কেন্দ্রীয় সরকার অনুমতি দিতে অনীহা দেখাচ্ছিল বলেও আপের তরফ থেকে দাবি করা হয়েছিল। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা ও আপের তোলা অভিযোগ প্রসঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার কিংবা বিমানবন্দর কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

