তিন মাসেই মুনাফা তোলা যায় যে সঞ্চয়পত্রে

মুনাফা কত
এই সঞ্চয়পত্রে সাড়ে সাত লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করলে এবং তিন বছরের মেয়াদ পূর্ণ করলে ১১ দশমিক ৮২ শতাংশ হারে মুনাফা পাওয়া যায়। আর আগে ভাঙানো হলে মুনাফার হার কমবে।
আর সাড়ে সাত লাখ টাকার বেশি বিনিয়োগ করলে এবং তিন বছরের মেয়াদ পূর্ণ করলে ১১ দশমিক ৭৭ শতাংশ হারে মুনাফা পাওয়া যাবে। আগে ভাঙালে মুনাফা কমবে।
মেয়াদ পূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙানো হলে যদি আগে অতিরিক্ত অর্থ পরিশোধ করা হয়, তা মূল টাকা থেকে কেটে রাখা হবে।
উৎসে কর
আয়কর আইন-২০২৩-এর ১০৫ ধারা অনুযায়ী মুনাফার ওপর অগ্রিম কর কেটে রাখা হবে। কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) থাকলে অগ্রিম কর ১০ শতাংশ এবং টিআইএন না থাকলে অগ্রিম কর হিসেবে মুনাফার ১৫ শতাংশ টাকা কেটে রাখা হবে।
চলতি বছর থেকে অগ্রিম করের টাকা আয়কর রিটার্ন জমার সময় সমন্বয় করা যাবে। কারণ, সঞ্চয়পত্রের মুনাফার ওপর যে উৎসে কর কেটে রাখা হতো, এখন থেকে তা চূড়ান্ত করদায় নয়। এবার বাজেটে এ খাতটিকে চূড়ান্ত করদায়ের তালিকা থেকে বের করে দেওয়া হয়েছে।
যারা কিনতে পারবেন এই সঞ্চয়পত্র
১. সব শ্রেণি ও পেশার বাংলাদেশি নাগরিক।
২. আয়কর বিধিমালা, ১৯৮৪ (অংশ-২)-এর বিধি ৪৯-এর উপবিধিতে (২) সংজ্ঞায়িত স্বীকৃত ভবিষ্য তহবিল এবং ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ এর ১৯ নং) অনুযায়ী পরিচালিত ভবিষ্য তহবিল।
৩. আয়কর অধ্যাদেশ-১৯৮৪-এর ষষ্ঠ তফসিলের পার্ট-এ-এর অনুচ্ছেদ-৩৪ অনুযায়ী মৎস্য খামার, হাঁস-মুরগির খামার, পেলিটেড পোলট্রি ফিডস উৎপাদন, বীজ উৎপাদন, স্থানীয় উৎপাদিত বীজ বিপণন, গবাদিপশুর খামার, দুগ্ধ এবং দুগ্ধজাত দ্রব্যের খামার, ব্যাঙ উৎপাদন খামার, উদ্যান খামার প্রকল্প, রেশম গুটিপোকা পালনের খামার, ছত্রাক উৎপাদন এবং ফল ও লতাপাতার চাষ হতে অর্জিত আয় (যা সংশ্লিষ্ট উপকর কমিশনার কর্তৃক প্রত্যয়ন করা)।

