ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেবে যুক্তরাষ্ট্র

এর আগে চলতি সপ্তাহে জেলেনস্কি জানিয়েছিলেন, গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র সরবরাহের অনুমোদন পেতে প্রায় এক মাস ধরে অপেক্ষা করছে ইউক্রেন। দেশটির ক্ষেপণাস্ত্রের মজুতও আশঙ্কাজনকভাবে কমে এসেছে।
শুক্রবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের ঘোষণাকে স্বাগত জানান জেলেনস্কি। তবে তিনি বলেন, ইউক্রেনের ‘এ মুহূর্তেই’ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রয়োজন।
জেলেনস্কির অভিযোগ, শীতের আগে ইউক্রেনের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় হামলা বাড়াচ্ছে রাশিয়া। গত দুই সপ্তাহে দেশটির বিদ্যুৎ সরবরাহব্যবস্থার ‘গুরুত্বপূর্ণ অংশে’ ৩০টির বেশি হামলা চালিয়েছে রুশ বাহিনী।
ইউক্রেনের জন্য এসব ক্ষেপণাস্ত্র অত্যন্ত জরুরি হলেও বিশ্বজুড়ে এর সংকট রয়েছে। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যাপক ব্যবহারের কারণে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে।
নতুন ক্ষেপণাস্ত্র তৈরির সময়সূচি কী হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে জানা গেছে, এ ক্রয়াদেশের আওতায় আগে থেকে তৈরি ক্ষেপণাস্ত্র নয়, বরং নতুন করে ক্ষেপণাস্ত্র উৎপাদন করা হবে। ফলে দ্রুত ইউক্রেনে এগুলো পৌঁছানোর সম্ভাবনা কম।
প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে দীর্ঘ সময় লাগে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী, বছরে মাত্র ৬০০টি ক্ষেপণাস্ত্র উৎপাদিত হয়।
এর আগে জুলাইয়ে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিতে ওয়াশিংটন ‘সম্মত হয়নি’। অথচ এর মাত্র তিন সপ্তাহ আগে ইউক্রেনকে এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরির অধিকার দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

