দেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক

গ্রাহকদের ব্যাংকিংসেবা আরও সহজ ও প্রযুক্তিভিত্তিক করতে দেশে প্রথমবারের মতো ওমনিচ্যানেল ব্যাংকিং সেবা চালু করেছে ব্র্যাক ব্যাংক। নতুন এ ব্যবস্থার মাধ্যমে ব্যাংকটির শাখা, উপশাখা, এজেন্ট ব্যাংকিং, কল সেন্টার ও ডিজিটাল প্ল্যাটফর্মকে একই নেটওয়ার্কের আওতায় আনা হয়েছে। ফলে গ্রাহকেরা একটি মাধ্যমে ব্যাংকিং সেবা নেওয়া শুরু করে অন্য মাধ্যমে গিয়ে তা শেষ করতে পারবেন। এতে বারবার একই তথ্য দেওয়া বা নতুন করে আবেদনের প্রয়োজন পড়বে না।
রোববার (১ নভেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উপলক্ষে গ্রাহককেন্দ্রিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা সম্প্রসারণের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, ওমনিচ্যানেল ব্যাংকিংয়ের আওতায় গ্রাহকেরা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্ট খোলা, ঋণ কিংবা ক্রেডিট কার্ডের আবেদন শুরু করতে পারবেন। প্রয়োজনে পরে শাখা, কল সেন্টার বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে গিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। কোনো কারণে আবেদন মাঝপথে বন্ধ হয়ে গেলেও পরবর্তী সময়ে আগের অবস্থান থেকেই কাজ চালিয়ে নেওয়ার সুযোগ থাকবে।
নতুন এ ব্যবস্থায় গ্রাহকেরা পাঁচ ধরনের সুবিধা পাবেন। যেমন- পছন্দমতো মাধ্যমে ব্যাংকিংসেবা গ্রহণ, নিরবচ্ছিন্ন সেবা, সময় সাশ্রয়, সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা এবং ব্যক্তিগত চাহিদাভিত্তিক অফার। গ্রাহকের প্রয়োজন, পছন্দ ও ব্যাংকের সঙ্গে পূর্ববর্তী লেনদেনের তথ্য বিশ্লেষণ করে প্রাসঙ্গিক সেবা ও অফার দেওয়া হবে।
ব্যাংকটির দাবি, প্রতিটি চ্যানেলে গ্রাহকের তথ্য ও সেবার অগ্রগতির অবস্থা দেখা যাবে। ফলে একই তথ্য বারবার দিতে হবে না। এতে গ্রাহকের সময় ও ভোগান্তি কমার পাশাপাশি ব্যাংকিং সেবা গ্রহণ আরও সহজ হবে।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের ৩১২টি শাখা ও উপশাখা, ১ হাজার একশ’র বেশি এজেন্ট ব্যাংকিং আউটলেট, কল সেন্টার, অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। ব্র্যাক ব্যাংকের গ্রাহক ছাড়া অন্যরাও নতুন অ্যাকাউন্ট খোলা, ঋণ ও ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন।
ওমনিচ্যানেল ব্যাংকিং ব্যবহারের জন্য গ্রাহকদের আলাদা কোনো চার্জ দিতে হবে না। তবে সংশ্লিষ্ট ব্যাংকিং পণ্য ও সেবার প্রচলিত ফি বহাল থাকবে। স্মার্টফোন না থাকলেও শাখা, এজেন্ট ব্যাংকিং বা কল সেন্টারের মাধ্যমে সেবা নেওয়া যাবে।

