মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আলমডাঙ্গায় সাজাপ্রাপ্ত ও ২৭ মামলার আসামি পিয়াল সাদ্দাম গ্রেপ্তার: মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পিএম
আলমডাঙ্গায় সাজাপ্রাপ্ত ও ২৭ মামলার আসামি পিয়াল সাদ্দাম গ্রেপ্তার: মাদক ও দেশীয় অস্ত্র উদ্ধার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিশেষ অভিযান চালিয়ে পিয়াল আহম্মেদ ওরফে পিয়াল মাহমুদ সাদ্দাম (৩৪) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে আদালতে বিচারাধীন ২৬টি মামলা রয়েছে এবং অপর একটি মামলায় তিনি চার বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং পরে তাঁর গুদাম থেকে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়া-ক্যানালপাড়ায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক নির্দেশনায় আলমডাঙ্গা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, আলমডাঙ্গা থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিয়াপাড়া-ক্যানালপাড়ার কুদ্দুসের বাড়ির পেছনের শমসের মল্লিকের ডোবা পুকুরের উত্তর-পূর্ব কোণে অভিযান চালায়। সেখান থেকে দুর্লভপুর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে পিয়াল সাদ্দামকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ২০৩টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

গুদাম থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

গ্রেপ্তারের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পিয়াল সাদ্দাম অস্ত্রের তথ্য দেন। সেই তথ্যের ভিত্তিতে একই দিন বিকেল ৫টা ৫০ মিনিটে গোবিন্দপুর মাঠপাড়া গ্রামে তাঁর নিজস্ব একটি গুদামে তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকে একটি লোহার তৈরি চাপাতি, একটি দেশীয় কুড়াল, দুটি লোহার ছুরি, দুটি বড় ছোরা এবং একটি লোহার রড উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, পিয়াল সাদ্দাম জেলার একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ২৬টি মামলা বিচারাধীন। এ ছাড়া আলমডাঙ্গা থানার জিআর-৪৪/২০ নম্বর মামলায় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে চার বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁকে আরও তিন মাসের সাজা ভোগের আদেশ দেওয়া হয়েছিল। ওই মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলা পুলিশ আরও জানায়, জেলায় মাদক নির্মূল, অবৈধ ব্যবসা দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...