মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পিকনিকে গিয়ে নিখোঁজ ওবাইদুর, ১৬ বছর ধরে ছেলের অপেক্ষায় মা

নিজস্ব প্রতিবেদক১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পিএম
পিকনিকে গিয়ে নিখোঁজ ওবাইদুর, ১৬ বছর ধরে ছেলের অপেক্ষায় মা

কখনো কি দরজায় কড়া নেড়ে দাঁড়িয়ে বলবে, ‘মা, আমি ফিরে এসেছি’—সন্তানকে ফিরে পাওয়ার এমনই এক অটুট আশা বুকে নিয়ে দীর্ঘ ১৬টি বছর পার করছেন এক মা। সময়ের পরিক্রমায় দিন, মাস আর ঋতু বদলালেও চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গার এই মায়ের অপেক্ষার কোনো অবসান ঘটেনি।

নিখোঁজ তরুণের নাম মো. ওবাইদুর রহমান। তিনি দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কবরস্থানপাড়ার প্রয়াত মজিবর রহমানের ছেলে। ২০১০ সালে ওবাইদুরের বয়স যখন মাত্র ১৭ বছর, তখন বন্ধুদের সঙ্গে পিকনিকে যাওয়ার কথা বলে তিনি বাড়ি থেকে বের হন। এরপর আর নিজ আলয়ে ফিরে আসেননি তিনি। দেখতে দেখতে কেটে গেছে দেড় দশকেরও বেশি সময়; সেদিনের সেই ১৭ বছরের কিশোর আজ আনুমানিক ৩৩ বছরের যুবক।

মায়ের কাছে সন্তান কেবল একটি সম্পর্ক নয়, বেঁচে থাকার পুরো অবলম্বন। সেই সন্তান এভাবে হুট করে হারিয়ে যাওয়ার পর প্রতিটি দিন কাটে একরাশ দীর্ঘশ্বাস আর বুকভাঙ্গা কষ্ট নিয়ে। যে সন্তানকে পরম স্নেহে খাইয়ে-পরিয়ে বড় করেছিলেন, তাঁর মুখটি একবার দেখতে আজও ব্যাকুল হয়ে আছেন গর্ভধারিনী মা। বুকের গভীরে লালন করা ওবাইদুরের শৈশব ও কৈশোরের স্মৃতিগুলোই এখন তাঁর বেঁচে থাকার একমাত্র সম্বল।

সন্তান এখন কোথায় আছে, কেমন আছে—এমন নানা প্রশ্ন প্রতিনিয়ত তাড়া করে ফেরে তাঁকে। কার্পাসডাঙ্গার এই মায়ের কান্না কেবল একটি পরিবারের বেদনা নয়, এটি একজন মায়ের নিঃস্বার্থ ভালোবাসা ও আজীবন অপেক্ষার প্রতিচ্ছবি।

এদিকে ওবাইদুর রহমানকে ফিরে পেতে সবার সহযোগিতা চেয়েছে তাঁর পরিবার। কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওবাইদুরের সন্ধান বা বর্তমান অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তাঁদের আশা, একটি নির্ভরযোগ্য তথ্যই হয়তো ১৬ বছর ধরে পথ চেয়ে থাকা এই মায়ের জীবনে স্বস্তি ফিরিয়ে দিতে পারে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...