কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

ঝিনাইদহের কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি মামলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দুই যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা–পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাঁদের আটক করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— উপজেলার দোড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও সুয়াদী গ্রামের মৃত আরফান মন্ডলের ছেলে মো. জুলহক (৪০) এবং এলাঙ্গী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ও শিশারকুন্ডু গ্রামের আ. হালিম মন্ডলের ছেলে কামাল হোসেন (৩৫)।
পুলিশ জানিয়েছে, গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কোটচাঁদপুর থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭/৮/৯/১০/১১/১২/১৩ ধারায় একটি মামলা রুজু হয় (মামলা নং-১৬, জিআর নং-১১৮/২৬)। ওই মামলার তদন্তে নেমে এজাহারবহির্ভূত হিসেবে ঘটনায় জড়িত থাকার প্রমাণ মেলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তদন্তে প্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক যাচাই-বাছাইয়ে তাদের পূর্বের কোনো অপরাধমূলক রেকর্ড (পিসিপিআর) পাওয়া যায়নি। গ্রেপ্তারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”

