জীবননগরে এইচএসসিতে ছেলেদের মধ্যে একমাত্র জিপিএ-৫ পেলেন শিমুল
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ছেলেদের মধ্যে একমাত্র শিক্ষার্থী হিসেবে জিপিএ-৫ পাওয়ার গৌরব অর্জন করেছেন শিমুল হোসেন। পুরো উপজেলা থেকে চলতি বছর মোট ১৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, যার মধ্যে ১৭ জনই মেয়ে।
স্থানীয় উথলী ডিগ্রি কলেজের মানবিক বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন শিমুল। পরীক্ষায় সবগুলো বিষয়ে এ প্লাস পেয়ে তিনি ‘গোল্ডেন এ প্লাস’ অর্জন করেন। এর আগেও নিজের মেধার স্বাক্ষর রেখেছেন এই শিক্ষার্থী। উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েও গোল্ডেন এ প্লাস পেয়েছিলেন তিনি।
মেধাবী এই শিক্ষার্থীর বাড়ি উপজেলার উথলী গ্রামের দক্ষিণপাড়ায়। তার বাবার নাম কামাল হোসেন। এইচএসসির ভালো ফলাফলের পর উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে শিমুল এখন রাজশাহী অবস্থান করছেন এবং সেখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং করছেন।
আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন

