ট্রেনের ছাদে ভিডিও করতে গিয়ে ছিটকে পড়লেন যুবক, অবস্থা আশঙ্কাজনক

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে নাঈম নামের এক তরুণ মারাত্মক আহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ছয়টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা মহানন্দা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহানন্দা এক্সপ্রেসের ছাদে চড়ে মুঠোফোনে ভিডিও ধারণ করছিলেন ওই যুবক। অসাবধানতাবশত হঠাৎ তিনি ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে যান। চুয়াডাঙ্গা রেলস্টেশন এলাকার রেলগেট সংলগ্ন প্রোটেকশনের নিচে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ছুটে আসেন।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশ আহত যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা বেশ আশঙ্কাজনক।
দুর্ঘটনার পরপরই আহত যুবকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে তাঁর নাম-ঠিকানা শনাক্ত করা হয়। তিনি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের ভগীরথপুর গ্রামের শেরিগোলের ছেলে বলে নিশ্চিত হওয়া গেছে।

