রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আলমডাঙ্গার হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫০টি অবৈধ জাল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক২৯ অক্টোবর ২০২৬, ০১:০৭ পিএম
আলমডাঙ্গার হাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১৫০টি অবৈধ জাল জব্দ, ৩ ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পৌর পশুহাটসংলগ্ন জালহাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনুমানিক ১৫০টি নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ এসব জাল বিক্রির অভিযোগে তিন ব্যবসায়ীকে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বুধবার দুপুরে গোপন খবরের ভিত্তিতে আলমডাঙ্গা পৌর এলাকার ওই হাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর কুমার মণ্ডল। এ সময় গাংনী ক্যাম্পের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা পৌর পশুহাটের জিকে ক্যানেলের পাড়ে দীর্ঘদিন ধরে কারেন্ট ও চায়না দুয়ারিসহ নানা ধরনের নিষিদ্ধ জাল প্রকাশ্যে কেনাবেচা হচ্ছিল। প্রতি বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই স্থানে জালের হাট বসে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে সেখানে ঝটিকা অভিযান চালায় প্রশাসন। হাটে বিক্রি করতে আনা তিন ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৫০টি অবৈধ জাল জব্দ করা হয় এবং তাদের ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর কুমার মণ্ডল জানান, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ জাল উৎপাদন, বিপণন ও ব্যবহারের বিরুদ্ধে এমন পদক্ষেপ অত্যন্ত জরুরি। নিষিদ্ধ জালের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর অভিযান ভবিষ্যতেও নিয়মিত চলবে।

আঞ্চলিক সংবাদ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...