লোগো
Advertisement

গৃহায়ন ও গণপূর্তের ৪৪ প্রকল্পে ৩৫১৪ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ এএম
Advertisement

২০২৬-২৭ অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে চলমান ৪৪টি উন্নয়ন প্রকল্পে মোট ৩ হাজার ৫১৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) ছয়টি প্রকল্পেই বরাদ্দ দেওয়া হয়েছে ১ হাজার ৩১৪ কোটি ৩৬ লাখ টাকা।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের নগরাঞ্চলে খেলার মাঠ ও পার্কের স্বল্পতা নিয়েও আলোচনা হয়। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, এ সমস্যা সমাধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

ঢাকাকে মডেল সিটি করার পরিকল্পনা

রাজধানী ঢাকাকে ধাপে ধাপে একটি মডেল শহর হিসেবে গড়ে তুলতে সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। একই সঙ্গে পুরান ঢাকার পুনর্গঠন ও আধুনিকায়নে একটি পাইলট প্রকল্প নেওয়ার কথা জানানো হয়েছে।

সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে প্রায় সাড়ে তিন লাখ বর্গফুট ছাদে সৌর প্যানেল স্থাপনের কাজ চলছে বলেও বৈঠকে জানানো হয়।

এ ছাড়া সরকারি ভবনগুলোর ভূমিকম্প সহনশীলতা যাচাই ও প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। ভবিষ্যতে ৪২টি জেলায় সরকারি ভবনের ভূমিকম্প সহনশীলতা নির্ণয়ে নতুন প্রকল্প নেওয়ার পরিকল্পনার কথাও বৈঠকে জানানো হয়।

প্লটের জটিলতা নিরসনে যাচাই-বাছাই

পরিত্যক্ত ও বিতর্কিত প্লট নিয়ে দীর্ঘদিনের জটিলতা নিরসনের বিষয়টিও বৈঠকে গুরুত্ব পায়। কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে আইন ও ন্যায্যতার ভিত্তিতে এসব সমস্যা নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে।

একই সঙ্গে প্রকৃত ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি দখলদারদের কবল থেকে সরকারি সম্পত্তি উদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যবস্থার সঙ্গে ভূমি-সংক্রান্ত তথ্য ও কার্যক্রম অটোমেশনের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে বলে বৈঠকে জানানো হয়।

রাজউকের প্ল্যান অনুমোদনে ওয়ান স্টপ সার্ভিস

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভবন ও স্থাপনার নকশা অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা কমাতে ওয়ান স্টপ সার্ভিস চালুর ওপর জোর দেওয়া হয়েছে।

এ ছাড়া কক্সবাজারের চলমান মাস্টারপ্ল্যানটি উন্নয়নমুখী ও বাস্তবসম্মতভাবে এগিয়ে নেওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করা হয়।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির বিষয়ে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয় বৈঠক থেকে।

সংসদ ভবনে পানি পড়ার বিষয়টি আলোচনায়

বৈঠকের বিবিধ আলোচনায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে বর্ষাকালে পানি পড়ার বিষয়টি তুলে ধরেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভাপতি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং আইনের শাসন সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্ব দেন।

বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল ও ফেরদৌসী আহমেদ অংশ নেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ লোড হচ্ছে...