বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় দলের শীর্ষ নেতারা তার সঙ্গে ছিলেন।
শ্রদ্ধা নিবেদনের পর নেতারা দুই নেতার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী সাংবাদিকদের বলেন, বিএনপি জনগণের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সম্পৃক্ত একটি রাজনৈতিক দল। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই দলটির যাত্রা শুরু হয়েছিল।
তিনি বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে বিএনপি অঙ্গীকারবদ্ধ।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবার পাঁচ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে জানান দলটির নেতারা।


