চুয়াডাঙ্গার দামুড়হুদা ও সদর উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর থেকে দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামের কৃষক লিটন আলী ও তার স্ত্রী, সদর উপজেলার আলুকদিয়া গ্রামের ইজিবাইকচালক নাসির উদ্দীন এবং দামুড়হুদার লোকনাথপুর গ্রামের শফিকুল ইসলাম।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে বৈদ্যুতিক মেশিনে গরুর ঘাস কাটছিলেন কৃষক লিটন আলী। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্বামীকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে তার স্ত্রীও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন।
একই দিন দুপুরে সদর উপজেলার আলুকদিয়া গ্রামে নিজ বাড়িতে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চালক নাসির উদ্দীন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে মঙ্গলবার ভোরে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে ঘটে আরেকটি দুর্ঘটনা। স্থানীয় সূত্র জানায়, একটি টিউবওয়েলের বৈদ্যুতিক মোটর চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হন শফিকুল ইসলাম নামে এক যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পৃথক তিনটি ঘটনায় চারজনের মৃত্যুর বিষয়টি সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) নিশ্চিত করেছেন।


