প্রশাসনে বড় পরিবর্তন: সচিব পদে ১০ কর্মকর্তার রদবদল ও পদোন্নতি

সরকারের শীর্ষ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। সচিব পদমর্যাদার ১০ জন কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং দায়িত্ব বণ্টন করে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
রোববার (১৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এসব আদেশে কর্মকর্তাদের নতুন দায়িত্বের বিষয়টি জানানো হয়।
আদেশে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে বদলি করে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নতুন সচিব হিসেবে। এছাড়া বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে থাকা শরফ উদ্দিন আহমদকে পদায়ন করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে।
একই সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তার সচিব পদে পদোন্নতি পেয়েছেন। তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিবের দায়িত্ব দিয়ে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির (নাডা) রেক্টর ড. মো. কামরুজ্জামানকে পদায়ন করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব পদে। আর ওই বিভাগের সচিবের দায়িত্বে থাকা বিলকিস জাহানকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে বদলি করা হয়েছে।

