ডিএমপিতে সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তার দায়িত্বে রদবদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার নয় কর্মকর্তার পদায়ন ও দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে। সম্প্রতি ডিএমপি সদরদপ্তরের এক আদেশে এই রদবদল আনা হয়।
আদেশে বলা হয়েছে, সদরদপ্তর ও প্রশাসন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (প্রশাসন) মুহা. জাহিদ হাসানকে ট্রাফিক-লালবাগ বিভাগের ট্রাফিক-লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পূর্ব জোনে কর্মরত রকিবুল হাসান সাকিবকে ট্রাফিক-উত্তরা বিভাগের ট্রাফিক-এয়ারপোর্ট জোনের সহকারী পুলিশ কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এম. এম. তারিক-উল্লাহকে আইসিটি বিভাগের সহকারী পুলিশ কমিশনার (আইসিটি) হিসেবে বদলি করা হয়েছে। পাশাপাশি তেজগাঁও বিভাগের পেট্রোল-মোহাম্মদপুর জোনে মো. রাইসুল ইসলাম এবং উত্তরা বিভাগের পেট্রোল-উত্তরা পশ্চিম জোনে মো. শাহিন আলম শাওনকে সহকারী পুলিশ কমিশনার করা হয়েছে।
একই আদেশে মো. মাজহারুল ইসলামকে লালবাগ বিভাগের পেট্রোল-লালবাগ জোন, শাওন রেজাকে রমনা বিভাগের পেট্রোল-রমনা জোন এবং মো. আশিকুর রহমানকে মিরপুর বিভাগের পেট্রোল-পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনারের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে ওয়ারী বিভাগের পেট্রোল-ওয়ারী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল আলম খানকে নিয়ে গত ৪ অক্টোবর দেওয়া এক বদলি আদেশ বাতিল করা হয়েছে। ওই আদেশে তাঁকে ট্রাফিক-লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার করা হয়েছিল। নতুন নির্দেশনায় সেই বদলি বাতিল করার কথা জানানো হয়।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, পদায়ন ও রদবদল সংক্রান্ত এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

