৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চায় সদর দপ্তর

তালিকায় থাকা ৩৫৭ কর্মকর্তা সবাই অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার। তাঁরা পুলিশ সদর দপ্তর, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), বিভিন্ন রেঞ্জ ও জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারসহ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত রয়েছেন।
তালিকায় কর্মকর্তাদের বর্তমান কর্মস্থলের পাশাপাশি কয়েকজনের বিশেষ অবস্থার তথ্যও উল্লেখ করা হয়েছে। এর মধ্যে একজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত হিসেবে দেখানো হয়েছে। অন্য একজন সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসে প্রেষণে কর্মরত রয়েছেন বলে নথিতে উল্লেখ রয়েছে।
তবে তালিকাভুক্ত ৩৫৭ কর্মকর্তার সবার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, এমন কোনো তথ্য বা সিদ্ধান্ত পুলিশ সদর দপ্তরের চিঠিতে দেওয়া হয়নি। মূলত তাঁদের বিরুদ্ধে মামলা রয়েছে কি না, থাকলে মামলার বর্তমান অবস্থা কী এবং বিভাগীয় কোনো শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা যাচাই করতেই এই তথ্য চাওয়া হয়েছে। সংগৃহীত তথ্য পর্যালোচনার পর পুলিশ সদর দপ্তর পরবর্তী পদক্ষেপ নিতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

