ক্রসফায়ারের বক্তব্য প্রত্যাহার ও আইজিপির জবাবদিহি দাবি টিআইবির

আজ সোমবার দেওয়া এক বিবৃতিতে টিআইবি বলেছে, আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার বিকল্প হিসেবে বিচারবহির্ভূত হত্যার কথা বলা সংবিধান ও আইনের শাসনের প্রতি অবজ্ঞার শামিল।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পুলিশের দায়িত্ব পেশাদার তদন্তের মাধ্যমে অপরাধী শনাক্ত করা এবং প্রমাণের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিকে বিচারের মুখোমুখি করা। এর বিকল্প হিসেবে ক্রসফায়ারের কথা বলা প্রাতিষ্ঠানিক দুর্বলতার সমাধান নয়; বরং পেশাগত ব্যর্থতার প্রকাশ।
তিনি বলেন, আইজিপি একদিকে আইন ও সংবিধান অনুযায়ী দায়িত্ব পালনের কথা বলেছেন, অন্যদিকে সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারের কথা বলেছেন। তাঁর এ দুই অবস্থান পরস্পরবিরোধী। কোনো সরকারের অনুমতি বিচারবহির্ভূত হত্যাকে বৈধতা দিতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড সংবিধানের ৩১ ও ৩২ অনুচ্ছেদের পরিপন্থী।
জাতীয় থেকে আরও পড়ুন

