শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ শেষ: ইসি সচিব

কয়েকজন শিক্ষার্থীর ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘এটার ব্যাপারে আমি যে খবরটা পেয়েছি, আপনারা জানেন যে বর্তমানে আমরা ১৬ বছর পর্যন্ত তরুণদের নিবন্ধন করে থাকি এবং নিবন্ধনবলে তারা একটা কার্ড পান। সেই কার্ড নিয়ে তারা গেছেন, তারা ভোটার না। এখন ভোটার না হওয়ার কারণে তারা তো ভোট দিতে পারেন নাই।’
তিনি বলেন, তাঁদের দলীয় পরিচয়ের বিষয়টি এখানে মুখ্য নয়। বিষয়টি নিয়ে কৌতূহল থাকতে পারে। দলীয় পরিচয় থাকলেও তাৎক্ষণিকভাবে সেটি মিটিয়ে ফেলা হয়েছে। এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী স্থানীয় সরকার নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের মহাপরীক্ষা কি না এবং সেই পরীক্ষায় কমিশন উত্তীর্ণ হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আপনারাই উত্তরটা দেন। ধন্যবাদ আপনাকে।’
তিনি বলেন, ‘আমি যদি পাশ না করতাম, তাহলে এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে কথা বললাম কেন? পাশ করানোর দায়িত্বটা... পাশ করার দায়িত্বটা আমার, পাশের ব্যাপারে স্বীকৃতি দেওয়ার দায়িত্বটা আপনাদের। আপনারা সে স্বীকৃতিটা দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।’
নির্বাচন কমিশন সন্তুষ্ট কি না, জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। সন্তুষ্ট না হওয়ার কোনো কারণ আছে কি? একটা ঘটনা বলেন আপনারা। যে প্রশ্ন দুটো করেছেন, আমি তাৎক্ষণিকভাবে উত্তর দিয়েছি। এখান থেকে আমাদের একজন সহকর্মী বলেছেন, আমিও উত্তর দিয়েছি।
ভোটের আনুমানিক হার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘অনুমানের উপরে কথা বলি না, এটা তো অনেক পুরোনো স্বভাব আমার।

