নিরাপদ খাদ্য আইনে অক্টোবরে সাড়ে ৩৫ লাখ টাকা জরিমানা, মামলা ২৮টি

অক্টোবরে সারা দেশে ৩৪টি অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এসব অভিযানে বিভিন্ন অপরাধে প্রতিষ্ঠানগুলোকে মোট ৩৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ২৮টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর মাসে ঢাকা মহানগর এলাকায় ১৭টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে ৯টি প্রতিষ্ঠানকে মোট ১৩ লাখ টাকা জরিমানা এবং ১১টি মামলা করা হয়েছে।
ঢাকার বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযানে খাদ্য কর্মীদের স্বাস্থ্যসনদ না থাকা, বাধ্যতামূলক নিবন্ধন ছাড়াই ব্যবসা পরিচালনা, অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, রেফ্রিজারেটরে লেবেলবিহীন মাছ-মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী সংরক্ষণের মতো অনিয়ম পাওয়া যায়। এ ছাড়া ট্রেড লাইসেন্স না থাকা এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণক দেখাতে না পারার বিষয়টিও উঠে এসেছে।
অন্যদিকে ঢাকা মহানগরের বাইরে দেশের বিভিন্ন জেলায় ১৭টি অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ২২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা এবং ১৭টি মামলা করা হয়েছে।
এসব অভিযানে রান্নাঘরে তেলাপোকার বিচরণ, পোড়া তেল ব্যবহার, অননুমোদিত রাসায়নিক রং ও পণ্য ব্যবহার, পণ্যের গায়ে লেবেল না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের মতো অপরাধ পাওয়া যায়।
এদিকে অভিযান পরিচালনার পাশাপাশি খাদ্য স্থাপনা মনিটরিং কার্যক্রমও জোরদার করেছে কর্তৃপক্ষ। অক্টোবর মাসে বাজার, হোটেল-রেস্তোরাঁ, বেকারি, মিষ্টির দোকান এবং খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানসহ মোট ১ হাজার ১২৭টি খাদ্য স্থাপনা মনিটরিং করা হয়েছে। এ ছাড়া রপ্তানিযোগ্য চারটি পণ্যের স্বাস্থ্যসনদ দেওয়া হয়েছে।

