বাংলাদেশ জামায়াতে ইসলামী শেখ হাসিনা ও আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, আওয়ামী লীগের মতোই ফ্যাসিস্ট দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠার চেষ্টা করছে জামায়াত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ জেলা পরিষদ চত্বরে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী ব্রিটিশ আমল থেকেই মুনাফেকির রাজনীতি করে আসছে। গণ-অভ্যুত্থানের পর দলটি নিজেদের মজলুম হিসেবে উপস্থাপন করলেও এখন জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
জামায়াত ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আওয়ামী লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হিসেবে আত্মপ্রকাশ করতে পারে বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দলের কর্মকাণ্ড ও অবস্থান নিয়ে জনগণের সচেতন থাকা প্রয়োজন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক আব্দুল মজিদ এবং পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাশেদ খাঁনের এসব বক্তব্যের বিষয়ে জামায়াতে ইসলামীর কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।


