শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

আইজিপি ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে: হাসনাত

নিজস্ব প্রতিবেদক২৬ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পিএম
আইজিপি ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে: হাসনাত

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন অভিযোগ করে তার বিরুদ্ধে সরকারকে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর মুগদায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণের প্রতিবাদে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। আগামী ৩০ অক্টোবরের বিক্ষোভ সমাবেশ সফল করার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আইজিপি আলী হোসেন ফকির ডিবির হারুন ও বেনজীরের বংশধর, যার জন্য পুলিশ বাহিনীর সুনাম আবার ক্ষুণ্ণ হচ্ছে। এই আইজিপি মানুষকে ক্রসফায়ারের হুমকি দিচ্ছেন, তার বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। না হলে ধরে নেব আবারও ক্রসফায়ার, গুম ও খুনের দিকে হাঁটছে সরকার।’

তিনি বলেন, খেটে খাওয়া মানুষের মধ্যে তীব্র উৎকণ্ঠা দেখা যাচ্ছে। দেশে কর্মসংস্থান নেই এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে। চাকরিপ্রার্থী তরুণ প্রজন্মের আস্থা হারিয়েছে বর্তমান বিএনপি সরকার। যারা আস্থা রেখে ভোট দিয়েছিল, তারা এখন লাইভে এসে নিজের গালে নিজে জুতা পেটা করছে।

এনসিপির এই নেতা দাবি করেন, জনগণ বিএনপিকে ভোট দেয়ায় অনুতপ্ত এবং আগামী সিটি করপোরেশন নির্বাচনে এই ভুলের সংশোধন করতে হবে। তিনি আরও বলেন, মোড়ে মোড়ে চাঁদাবাজির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। আগামী সিটি করপোরেশন নির্বাচনে এসব চাঁদাবাজের বিষদাঁত ভেঙে ফেলার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।

ভোটের বিষয়ে আশ্বস্ত করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘জনগণের কাছে গুন্ডা নিয়ে, হুন্ডা নিয়ে ভোট চাইতে আসব না, আপনারাও পয়সা নিয়ে ভোট দিয়েন না। বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সেবা পাবেন। সিটি করপোরেশনের ইলেকশনে আগের ভুল করবেন না।’

রাজনীতি থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...