লোগো
Advertisement

ভাত ভেবে খাবারের প্যাকেট কেড়ে নিয়েছিলেন, খুলে মিলল মিষ্টি; ৫০ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পিএম
Advertisement

ক্ষুধার তাড়নায় খাবারের আশায় এক ব্যক্তির কাছ থেকে একটি প্যাকেট কেড়ে নিয়েছিলেন নুর মোহাম্মদ। ভেবেছিলেন, প্যাকেটে রয়েছে ভাত। কিন্তু খুলে দেখেন, ভাত নয়—ভেতরে মিষ্টি। প্রচণ্ড ক্ষুধায় সেই মিষ্টি থেকে কয়েকটি খেয়ে ফেলেন তিনি। পরে স্থানীয়দের মারধরের শিকার হয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় যশোর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নুর মোহাম্মদের বাড়ি নড়াইলে। তিনি যশোরের ঝিকরগাছা এলাকায় একটি কাঁচামালের আড়তে শ্রমিক হিসেবে কাজ করেন। মঙ্গলবার কাজ শেষে যশোর রেলস্টেশনে অবস্থান করছিলেন তিনি। এ সময় প্রচণ্ড ক্ষুধা লাগলেও হাতে কোনো টাকা না থাকায় খাবার কিনতে পারছিলেন না।

নুর মোহাম্মদের ভাষ্য, স্টেশনে এক ব্যক্তিকে খাবারের প্যাকেট হাতে যেতে দেখে তিনি সেটিকে ভাতের প্যাকেট মনে করেন। ক্ষুধার কারণে ওই ব্যক্তির কাছ থেকে প্যাকেটটি নিয়ে নেন। পরে প্যাকেট খুলে ভেতরে মিষ্টি দেখতে পান। এরপর ক্ষুধার তাড়নায় কয়েকটি মিষ্টি খেয়ে ফেলেন।

বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাকে মারধর করে পুলিশে খবর দেন। পরে পুলিশ নুর মোহাম্মদকে আটক করে থানায় নিয়ে যায়।

বুধবার (২৩ সেপ্টেম্বর) তাকে যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সদর আমলি শাখায় হাজির করা হয়। শুনানি শেষে বিচারক সঞ্জয় পাল তাকে ৫০ টাকা জরিমানা করেন। পরে জরিমানার অর্থ পরিশোধ করে আদালত থেকে মুক্তি পান তিনি।

আদালতের জিআরও এসআই হেলালুজ্জামান জানান, নুর মোহাম্মদের কথা শুনে এক ব্যক্তি তাকে ১০০ টাকা সহায়তা করেন। ওই টাকা থেকে ৫০ টাকা জরিমানা পরিশোধ করা হয়। বাকি ৫০ টাকা নিয়ে নুর মোহাম্মদ বাড়ির উদ্দেশে রওনা হন।

ক্ষুধার তাড়নায় খাবার ভেবে একটি প্যাকেট নেওয়ার ঘটনাটি শেষ পর্যন্ত ৫০ টাকা জরিমানায় নিষ্পত্তি হলেও, ঘটনাটি প্রত্যক্ষ করা স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

আরও সংবাদ লোড হচ্ছে...