লোগো
Advertisement

ফতুল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, নির্মাণাধীন ভবনে অভিনব কৌশলে মাদক বিক্রি

নিজস্ব প্রতিবেদক ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ এএম
Advertisement

নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদকের বিরুদ্ধে পুলিশের সাঁড়াশি অভিযান চলছে টানা ১২ দিন ধরে। অভিযানে এরই মধ্যে মাদক কারবারের সঙ্গে জড়িত একাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে কেতাবনগর এলাকার মাদক কারবারি হিসেবে পরিচিত উৎসর মাদক বিক্রির কৌশল দেখে বিস্মিত হয়েছেন অভিযান সংশ্লিষ্ট পুলিশ সদস্যরা।

পুলিশের ভাষ্য অনুযায়ী, একটি নির্মাণাধীন ভবনকে ব্যবহার করা হচ্ছিল মাদক বিক্রির জন্য। ভবনের এক পাশে ক্রেতাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যেত। তারা ইটের ফাঁক দিয়ে টাকা পৌঁছে দিতেন। তবে অপর পাশে কে টাকা গ্রহণ করছে, তা ক্রেতাদের দেখার সুযোগ ছিল না।

টাকা পাওয়ার পর চাহিদা অনুযায়ী মাদক প্লাস্টিকের বোতলের ভেতরে ঢুকিয়ে সুতলির সাহায্যে উপর থেকে নিচে নামিয়ে দেওয়া হতো। ক্রেতারা নিচ থেকে সেটি সংগ্রহ করে দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যেতেন। ফলে লেনদেনের পুরো প্রক্রিয়ায় বিক্রেতা ও ক্রেতার সরাসরি মুখোমুখি হওয়ার সুযোগ থাকত না।

পুলিশ বলছে, মাদক কারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে এমন অভিনব পদ্ধতি ব্যবহার করছিল। ফতুল্লার বিভিন্ন এলাকায় মাদকের বিস্তার ঠেকাতে চলমান অভিযানে আরও কয়েকজন মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি মাদকের নিরাপদ সরবরাহব্যবস্থা ভেঙে দিতে অভিযান আরও জোরদার করা হবে।

আরও সংবাদ লোড হচ্ছে...