বর্তমান পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয়: নাহিদ ইসলাম

বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ পরিস্থিতি থেকে উত্তরণে নির্বাচনি ব্যবস্থার সংস্কারের প্রস্তাব দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ী পৌর মিলনায়তনে পাঁচ জেলার নেতাকর্মীদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সভায় সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নির্বাচনি পরিবেশ নিয়ে উদ্বেগ জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদ, স্বৈরাচার, নতুন চাঁদাবাজ ও দুর্নীতিবাজরা এখন মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সরকারদলীয় নেতাকর্মীদের অন্তর্কোন্দলে কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, নির্বাচন কমিশন ও পুলিশ প্রশাসন দলীয়করণের শিকার হয়েছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন আয়োজন সম্ভব নয়।
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনে সুস্পষ্ট প্রস্তাব দেওয়া হবে। ওই প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন আয়োজনের দাবি জানানো হবে। তবে এনসিপি নির্বাচনে নিজস্ব দলীয় পরিচয়ে অংশ নেবে, কোনো জোটের প্রার্থী হিসেবে নয়।
দেশে মাদক সিন্ডিকেটের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির আহ্বায়ক বলেন, রাজনৈতিক প্রশ্রয় ছাড়া মাদক সিন্ডিকেট টিকে থাকতে পারে না। আগে আওয়ামী লীগ মাদক কারবারিদের প্রশ্রয় দিত, এখন বিএনপি দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
নাহিদ ইসলামের দাবি, মাদক সিন্ডিকেটের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে। তাদের দৌরাত্ম্য বন্ধ করা না গেলে মাদক নির্মূল করা সম্ভব হবে না। রাজনৈতিক প্রভাবের কারণে পুলিশ কার্যকর ব্যবস্থা নিতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না। গণমাধ্যম সংস্কার কমিশনের কোনো সুপারিশই বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।

