বিদেশযাত্রার আগে চাকরি সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ফারজানা শারমীন পুতুল বলেন, যুবসমাজ দেশের সম্পদ। তাঁদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। বিদেশে কাজের সুযোগ তৈরি করতে গিয়ে তরুণেরা যেন আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় জিটি গ্রুপের চেয়ারম্যান পার্ক জি ইয়ং, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদুল হাসান মামুন, লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মো. মেশকাতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. আবীর হোসেন এবং উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পুসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় দক্ষিণ কোরিয়ায় কর্মসংস্থানের সম্ভাবনা, দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বক্তারা বলেন, যথাযথ প্রশিক্ষণ ও দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণেরা বিদেশের শ্রমবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারেন।
আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কর্মপ্রত্যাশী তরুণদের জন্য বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাঁরা আরও কার্যকর ভূমিকা রাখতে পারবেন।

