পুলিশের টহল গাড়ির পাশে নিষিদ্ধ যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জে পুলিশের টহল গাড়ির পাশেই নিষিদ্ধঘোষিত সংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২৮ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের জানপুর ও দত্তবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মো. লিটন শেখ (৪৫), ছাত্রলীগ কর্মী ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) এবং যুবলীগ কর্মী চান শেখ (৪৫)।
মো. লিটন শেখ সিরাজগঞ্জের জানপুর এলাকার মৃত আব্দুল আজিজ ও অলোকা বেগমের ছেলে। ইউনুস আলী নিশাত দত্তবাড়ি এলাকার মৃত সাইদুল ইসলামের ছেলে এবং চান শেখ সিরাজগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চক কোবদাসপাড়া এলাকার মৃত শওকত আলী শেখের ছেলে।

