নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, রাজশাহী-ঢাকা রুটে ট্রেন চলাচলে বিঘ্ন

আজ সকালেও ট্রেনের সময়সূচিতে দেখা গেছে বিপর্যয়। রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস সকাল ৭টা ৪০ মিনিটের পরিবর্তে দুই ঘণ্টা দেরিতে সকাল ৯টা ৪০ মিনিটে ছেড়ে যায়। পরবর্তী ট্রেন কখন ছাড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান স্টেশন মাস্টার।
অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধূমকেতু এক্সপ্রেসের আজ শুক্রবার বেলা ১১টার দিকে রাজশাহীতে পৌঁছানোর কথা থাকলেও বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ট্রেনটি স্টেশনে পৌঁছায়নি। ট্রেনটি রাজশাহীতে পৌঁছানোর পর পদ্মা এক্সপ্রেস হিসেবে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
রাজশাহী রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. জাহিদ জানান, টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রভাব পড়েছে। এ জন্য নির্ধারিত সময়ে ঢাকা রুটের ট্রেনগুলো পৌঁছাতে পারছে না। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

