আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, আজও অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানার ফটকে অবস্থান নেন শিল্প পুলিশের সদস্যরা। এতে শ্রমিক ও পুলিশের মধ্যে মুখোমুখি অবস্থানের সৃষ্টি হয়। পুলিশ কর্মকর্তারা শ্রমিকদের বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করেন। তবে আশপাশের অন্য কারখানার শ্রমিকদেরও ছুটি দেওয়ার দাবিতে কয়েক দফা পুলিশের সঙ্গে তাঁদের বাগ্বিতণ্ডা হয়।
এরপর শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আবদুল্লাহপুর-বাইপাইল অংশের বিভিন্ন স্থানে অবস্থান নেন। পাশাপাশি আশপাশের বিভিন্ন কারখানায় গিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন তাঁরা। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিশ্চিন্তপুর, নরসিংহপুর, ছয়তলা ও কাঠগড়া এলাকার অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
এদিকে, একই দাবিতে বিকেল তিনটার দিকে সাভার থানার হেমায়েতপুর এলাকার একে এইচ গ্রুপের শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে সামনের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটান বলে পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।

