রবিবার, ০১ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষিকার

নিজস্ব প্রতিবেদক০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পিএম
স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে প্রাণ গেল শিক্ষিকার

নীলফামারীর জলঢাকায় স্বামীর সঙ্গে স্কুলে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে উম্মে কুলসুম (৪৫) নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকালে উপজেলার গোদর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত উম্মে কুলসুম শৌলমারী মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি শৌলমারী মুন্সিপাড়া এলাকার আলিমুজ্জামানের স্ত্রী।

নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, উম্মে কুলসুম ও তার স্বামী একই বিদ্যালয়ে চাকরি করেন। রোববার সকালে তারা মোটরসাইকেলে করে বিদ্যালয়ের দিকে যাচ্ছিলেন। গোদর বাজার এলাকায় পৌঁছালে উম্মে কুলসুম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুপুরের দিকে চিকিৎসাধীন অবস্থায় উম্মে কুলসুমের মৃত্যু হয়।

জলঢাকা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, শনিবার শিক্ষিকার সন্তানের এইচএসসি পরীক্ষার ফল আশানুরূপ না হওয়ায় তিনি মানসিকভাবে দুর্বল ছিলেন। আজ বিদ্যালয়ে যাওয়ার পথে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ বিষয়টি জেনেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...