হাওরের শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ে ক্যানটিন, সবুজ ক্যাম্পাস গড়ার উদ্যোগ

হাওরের বিস্তীর্ণ জনপদ পেরিয়ে প্রতিদিন দূরদূরান্ত থেকে বিদ্যালয়ে আসে শিক্ষার্থীরা। অনেকেরই বাড়ি থেকে খাবার আনার সুযোগ থাকে না। ফলে ক্ষুধার্ত পেটে সারা দিন ক্লাস করতে হয় তাদের। আবার খাবারের জন্য বিদ্যালয় থেকে বেরিয়ে বাজারে গেলে নষ্ট হয় মূল্যবান সময়। শিক্ষার্থীদের এমন দুর্ভোগ লাঘব করতে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগড়া আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে চালু করা হয়েছে ক্যানটিন। সেখানে শিক্ষার্থীদের জন্য থাকবে ভাত, শাকসবজি, ডাল ও ডিমের মতো পুষ্টিকর খাবার।
শুধু ক্ষুধা মেটানো নয়, শিক্ষার্থীদের জন্য সুন্দর ও পরিবেশবান্ধব শিক্ষার পরিবেশ গড়ে তোলার উদ্যোগও নেওয়া হয়েছে বিদ্যালয়টিতে। এ লক্ষ্যে আয়োজন করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ফলজ ও বনজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকেরা। এসব উদ্যোগকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে ক্যানটিন উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা।

