চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বন্দরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে অশোভন ও বিরক্তিকর আচরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হোসেন। বিষয়টি জানাজানি হলে সোমবার দুপুরে ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী বিদ্যালয়ে চড়াও হন এবং অভিযুক্ত শিক্ষককে একটি কক্ষে আটকে রাখেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। পরে আটক করা হয় অভিযুক্ত শিক্ষক এনামুল হোসেনকে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষী প্রমাণিত হলে শিক্ষকের সর্বোচ্চ আইনানুগ শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবকরা।

